আদমদীঘি
সারবোঝাই ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু
বগুড়া প্রতিনিধি

ছবি: আগামীর সময়
বগুড়ার আদমদীঘিতে রেলগেট পার হওয়ার সময় সারবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে আলমগীর কবির (৪৬) নামের এক এনজিও ম্যানেজারের।
আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এতে ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।
নিহত আলমগীর কবির ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলে করে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন আলমগীর কবির। এ সময় একটি সারবোঝাই ট্রাকও রেলগেট অতিক্রম করছিল। ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি মো. কামরুজ্জামান জানিয়েছেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।





