দশমিনা
পুকুরে মাছ ধরার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

সংগৃহীত ছবি
পটুয়াখালীর দশমিনায় পুকুরে মাছ ধরার প্রস্তুতির সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের সানকিপুর এলাকার সাধু বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ সাধু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন সাধুর দ্বিতীয় ছেলে। পেশায় তিনি একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পুকুরে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন পরিতোষ। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহেল রানা জানান, পরিতোষ সাধুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। পরে নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




