স্কুলছাত্রীকে বিয়ে করার চেষ্টা, যুবকের ৬ মাসের সাজা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ড পাওয়া ব্যক্তি হলেন, জুবায়ের রহমান জয়। তিনি উপজেলার মাঝখুরিয়া গ্রামের বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানিয়েছেন, উপজেলার কোষামন্ডলপাড়া গ্রামের এক স্কুলছাত্রীকে বিয়ে করার উদ্দেশে গত সোমবার সকালে তার বাড়িতে অবস্থান নেন জুবায়ের। মেয়েটির বয়স কম হওয়ায় বিকালে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। রাতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। গোলাম রব্বানী পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং জুবায়েরসহ রুহুল আমিন নামে আরও এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।
মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় রুহুলকে। মঙ্গলবার বিকালে জুবায়েরকে জেলে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীর ভাষ্য, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।





