বংশী নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
সাভারে বংশী নদীর পানিতে ডুবে সোহানা আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বক্তারপুর মহল্লা সংলগ্ন বংশী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত সোহানা আক্তার বক্তারপুর মহল্লার সবুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাশেই সোহানাদের বাড়ি। দুপুরে সে বংশী নদীর পাড়ে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত হঠাৎ নদীতে পড়ে গিয়ে সে তলিয়ে যায়। উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও ঢাকায় ফায়ার সার্ভিসের হেড অফিস থেকে আসা একদল ডুবুরি যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার নদীতে নিখোঁজের পর সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সোহানার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসিবুর হাসান জানালেন, বিকাল ৪টার দিকে বক্তারপুরে এক শিশু নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে হেড অফিসের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।



