ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ছবি: আগামীর সময়
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পালকী পরিবহনের বাসের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পালকী পরিবহনের একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় পৌঁছানোর পর বাসটির একটি চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড় করিয়ে রাখা হয়।
এ সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় দুই বাসের ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। পরে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করে এবং বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। চাকা পাংচার হওয়ায় পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের পাশে পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি বিকল বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করি। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।





