সোনারগাঁয়ে ৫৬ অবৈধ চুনা ও ঢালাই কারখানা বন্ধের দাবি

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে ওঠা প্রায় ৫৬টি অবৈধ চুনা ও ঢালাই কারখানা বন্ধ এবং এসব কারখানার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন।
সংশ্লিষ্টদের নাম প্রকাশের পরও ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঐতিহাসিক সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় প্রায় ৫৬টি চুনা ও ঢালাই কারখানা গড়ে ওঠায় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এসব কারখানা থেকে নির্গত ধোঁয়া ও দূষিত পদার্থের কারণে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলেও তারা দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, এসব অবৈধ কারখানা পরিচালনার পেছনে স্থানীয় প্রভাবশালী মহল, রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন এবং তিতাসের কিছু অসাধু কর্মকর্তার মদদ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বক্তারা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের পরিচয় ও ভূমিকা তদন্ত করে প্রকাশের পাশাপাশি অবৈধ কারখানাগুলো দ্রুত বন্ধের দাবি জানান। একই সঙ্গে তিতাস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তারা। পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সূবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, পরিবেশ রক্ষা আন্দোলনের সহসভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার ও শিপন চৌধুরীসহ অন্যরা।
এ ছাড়া রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসাইন, বিরুধ আলীসহ পরিবেশ রক্ষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।




