বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন: জনপ্রশাসন সচিব

ছবি: আগামীর সময়
বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন বলে মন্তব্য করে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, অনলাইনে যে সমালোচনা হয়, কিংবা বিরূপ তথ্য-উপাত্ত, মিস ইনফরমেশন, ডিজ ইনফরমেশন প্রকাশ করা হয় এগুলো সরকারকে জানিয়েছি। অনেক সময় সহকর্মীরা ডিমোরালাইজড হয়ে যান, প্রত্যেকেরই পরিবার আছে, সমাজ আছে।
তিনি আরো বলেন, সাংবাদিক ভাইদের অনুরোধ গঠনমূলক সমালোচনা করুন। আমাদের উন্নয়নের জন্য আপনারা সমালোচনা করবেন। কিন্তু সহকর্মীদের প্রতি যেন বিরূপ আচরণ করা না হয়।
মতবিনিময়ে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনা ও প্রতি শনিবার পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রবাসীদের ঘরবাড়ি সম্পদের বিষয়েও আলোচনা করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ্য করে সচিব বলেন, প্রবাসীরা কষ্টে থাকেন, প্রচণ্ড পরিশ্রম করেন। তাদের কষ্টার্জিত সম্পদ কোনোভাবেই যেন বেহাত না হয়, তাদের ঘরবাড়ি সম্পদ যেনো নিরাপদে থাকে।
জেলক প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম প্রমুখ।




