আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

নিহত আসিফুল ইসলাম আসিফ
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আসিফুল ইসলাম আসিফ (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
গতকাল রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে দুবাইয়ের আলজাহারা শহরে এ দুর্ঘটনা ঘটে।
রাতে তরুণের মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। আসিফের পরিবার সরকারের কাছে তার লাশটি দ্রুত সময়ে বাংলাদেশে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।
নিহত আসিফ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার নামারচর এলাকার দেলোয়ার হোছাইনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক।
রিদুয়ানুল হক বলেছেন, আসিফ দুবাইয়ের আজমান শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। রবিবার দুবাইয়ের আলজাহারা শহর থেকে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। তিনি তিন বছর আগে দুবাইয়ে যান। সম্প্রতি দেশে ফেরার কথা ছিল তার।








