মাদকের টাকা না পেয়ে প্রতিবেশিকে কুপিয়ে মারল যুবক

গ্রেপ্তার যুবক আরিফুল ইসলাম
শেরপুরে মাদকের জন্য টাকা না দেওয়ায় রুকিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে ২০ বছর বয়সী প্রতিবেশি আরিফুল ইসলাম। ঘটনার সময় নিহত রুকিয়া চার মাস বয়সী শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চরশাপমারি গ্রামের ঘটনা এটি। অভিযুক্ত আরিফুল ইসলাম ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুপুরে লাল মিয়ার বাড়ির সামনে একটি চেয়ারে বসে চার মাসের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন রুকিয়া বেগম। এ সময় আরিফুল তার কাছে মাদক কেনার জন্য টাকা চান। রুকিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে আরিফুল দা দিয়ে তার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীরা আরিফুলকে আটক করেন। পরে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়।
পুলিশ রুকিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। এজাহার পাওয়ার পর মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরিফুলকে আটক করা হয়েছে। এখনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



