বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

বুধবার সচিবালয়ে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী
সভার সম্মানী এবং বিদেশ থেকে ফার্নিচার আমদানি নিয়ে সরকারি কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নেই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’
কাজের অংশ হিসেবেই এসব সভা করার নির্দেশ প্রধানমন্ত্রী দেন বলে জানান ওই কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’
প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তারা বিদেশ যান। এই বিদেশ ভ্রমণ বন্ধ করতেও প্রধানমন্ত্রী বলেছেন বলে ওই কর্মকর্তা জানান।
এ সময় বিভিন্ন অফিসের জন্য বিদেশ থেকে বিলাসবহুল ফার্নিচার আমদানি করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরে সম্মানী নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদসচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় একনেকের বৈঠক।
এতে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন পায়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৭টি ও সংশোধিত প্রকল্প ৫টি। এর মধ্যে ফেরত দেওয়া হয়েছে ৬টি প্রকল্প।
বৈঠক সূত্র জানিয়েছে, মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা।
সভায় উপস্থিত ছিলেন— অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান।




