শুধু ভালো ফল নয়, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

রাজশাহীর আইএইচটি অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু
শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেছেন, কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছাত্রদল, আইএইচটি রাজশাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী বললেন, ‘স্বাস্থ্যসেবায় দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাই শিক্ষার্থীদের শুধু একাডেমিক ফলাফলের দিকে মনোযোগ দিলে হবে না। পড়াশোনার পাশাপাশি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।’
ভবিষ্যতে মানুষের সেবায় নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মো. মোফাখখারুল ইসলাম, আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার তারিক সাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক মো. দবির উদ্দীন তুষার।
অতিথি ছিলেন আইএইচটি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, ছাত্রদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মো. সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির হোসেন অন্তর, এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি রাজশাহীর সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুল ইসলাম।





