সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনি, যুবক নিহত

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে নিহত হয়েছেন সোহেল (৪০) নামে এক যুবক। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল পটুয়াখালীর গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি বসবাস করতেন সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ৯টার দিকে ভারগাঁও নন্দীপুর এলাকায় মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির চেষ্টা করেন সোহেল। এ সময় বাড়ির মালিকের স্ত্রী নাসিমা বেগম বিষয়টি টের পেয়ে চোর চোর বলে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে শুরু করেন মারধর।
একপর্যায়ে মারধরের শিকার হয়ে সোহেল দৌড়ে পালানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী ভারগাঁও কবরস্থান এলাকায় তাকে দ্বিতীয় দফায় মারধর করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তার ছেলে শাওন মিয়া ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে মারধর না করার অনুরোধ করেন। তবে এরপরও অব্যাহত থাকে মারধর। রাত সাড়ে ১১টার দিকে সোহেল নিস্তেজ হয়ে পড়লে তাকে ছেলের জিম্মায় রেখে চলে যান হামলাকারীরা।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীকের ভাষ্য, এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় সম্পৃক্ত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।



