বাসা থেকে ডেকে নিয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

সংগৃহীত ছবি
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে। আজ শুক্রবার ভোরে নগরীর পলাশপুর তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত বাবু শিকদার (৩০) পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ নিশ্চিত করেছেন এসব তথ্য।
নিহতের স্বজনরা জানালেন, ফজরের নামাজের আগে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কিশোর গ্যাংয়ের কয়েক সদস্য। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নাঈম হোসেনের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। তা না দেওয়ায় মধুর নেতৃত্বে রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ওসি সনজিত বলেছেন, ‘এ ঘটনার নেপথ্যে মাদক সংশ্লিষ্ট বিষয় আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’




