নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার

শিশুটির আঙুল কাটায় ব্যবহৃত বটিটি উদ্ধার করা হয়েছে। ছবি: আগামীর সময়
নাটোরে দুই শিশুর বিরোধের জেরে সাত বছরের এক শিশুর ডান হাতের একটি আঙুল কেটে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বড় হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন সদর থানায় মামলা করেছেন।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান।
এজাহারের বরাতে তিনি জানান, গত বুধবার রাতে ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির মালিকের স্ত্রী রাশেদা আক্তার পিকনিকের আয়োজন করেন। এ সময় বাড়ির মালিকের সাত বছরের ছেলে মাহমুদ ও পুলিশ কনস্টেবল শাকিলের পাঁচ বছরের মেয়ে খেলছিল। একপর্যায়ে দুই শিশুর মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় শিশুর মা বিষয়টি মীমাংসা করে দেন।
ওসি মনসুর রহমান আরও জানান, ওই ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ কনস্টেবল শাকিল শিশু মাহমুদকে জোর করে তার কক্ষে নিয়ে যান। সেখানে ধারালো বটি দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে দেন।
শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি মনসুর রহমান জানিয়েছেন, শিশুটির বাবা মামলা করেছেন। এ ঘটনায় শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।




