বাবুগঞ্জ
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহ
বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুম বিল্লাহকে চার মাস পর গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার মাসুম বিল্লাহ নাটোরের সিংড়ার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ রাতে ওই শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান।
বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন অভিযান চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই নাটোরের সিংড়ার নিজ বাড়ি থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।







