নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছোট্ট নাফিসকে উদ্ধার, নারীসহ আটক ২

বাবা-মায়ের কোলে ছোট্ট নাফিস। ছবি: আগামীর সময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. নাফিস নামে ১১ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সুচি বেগম ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার সকাল ১১টার পর শাহবাজপুর ইউনিয়নের ভোলামারী গ্রামের নিজ বাড়ি থেকে নাফিস নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, প্রতিবেশী সুচি বেগম শিশুটিকে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা রুবেল আলী শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাফিসকে উদ্ধার করা হয়। প্রায় ৩৫ ঘণ্টা পর শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবার।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বললেন, শিশুটিকে উদ্ধারের পর সুচি বেগম ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



