যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশু, ৬ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

জামালপুরে নিখোঁজ দুই শিশুর সন্ধানে যমুনা পাড়ে স্বজন ও প্রতিবেশীদের ভিড়— আগামীর সময়
জামালপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে উসমান গনি (৮) ও ইসমাইল হোসেন (৭) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ঘটেছে এ ঘটনা। নিখোঁজ উসমান গনি রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে এবং ইসমাইল হোসেন একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, তীব্র গরমের কারণে দুপুরে ৪ থেকে ৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে উসমান ও ইসমাইল তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারচেষ্টা চালালেও ততক্ষণে তারা পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট। নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান শুরু করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. শহীদুল ইসলাম বলেছেন, ‘সংবাদ পাওয়ার পর থেকে উদ্ধার অভিযান চলমান রেখেছি। এখনও শিশু দুটি উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে স্রোতে অন্য কোথাও চলে গেছে তাদের দেহ।’







