যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রকৌশলী নিহত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় শাহ মো. আরদি নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরদি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই।
নিহতের স্বজনদের ভাষ্য, শনিবার ভোরে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন আরদি। মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।
আরদির মৃত্যুতে চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। এক শোকবার্তায় সংগঠনের নেতারা আরদির আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



