গফরগাঁও
ডাকাতির পর ছেলের সামনে মাকে ধর্ষণ, ৫ আসামির বাড়িতে হামলা

আসামিদের বাড়ি-ঘরে হামলা চালান এলাকাবাসী। ছবি: আগামীর সময়
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পর ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচ আসামির বাড়িঘর ভাঙচুর করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই আসামিরা হলেন, শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম ( ২২), রাজিব (২৩) ও এনামুল (২২)। তাদের বাড়ি কালিবাড়ী চর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ লোক সকালে জড়ো হয়ে তাদের বাড়ি ভাঙচুর করেন। ঘরগুলোর বেড়া ও চালের টিন খুলে স্তূপ করে রাখা হয় পাশে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এই হামলা-ভাঙচুর। দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে।
স্থানীয় কবির হোসেন আকন্দ (৪০) বলেছেন, ‘ডাকাতি-ধর্ষণের এমন ন্যক্কারজনক, লজ্জাজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের বিচার হওয়া দরকার। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
ক্ষোভ থেকে এলাকাবাসী আসামিদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কালীবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল প্রবাসীর কিশোর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ধর্ষণ করে তার মাকে (৩৮)। এর ভিডিও ধারণ করা হয়। ওই রাতেই পুলিশ আসামি রাজিবকে আটক করে।
পরেরদিন ওই নারী পাঁচজনের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা করেন।
গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ বলেছেন, ‘দুপর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি, চর কালীবাড়ি এলাকায় আসামিদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’




