সাভারে বাসায় ঢুকে যুবককে হত্যা, মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকার সাভারের বিরুলিয়ায় আব্দুল হান্নান নামে এক যুবককে হত্যা করে বাসার টয়লেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পুলিশ উদ্ধার করেছে তার মরদেহ।
নিহত আব্দুল হান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে। সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার আমিন মোহাম্মদ টাউনে সাবলেট বাসায় ভাড়া থাকতেন তিনি।
পুলিশের ভাষ্য, সোমবার হান্নানের বাসায় প্রবেশ করেন তার পরিচিত কয়েকজন ব্যক্তি। পরে মঙ্গলবার রাতে বাসার টয়লেটে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময় তাকে হত্যা করে টয়লেটে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন। নিহতের কক্ষ থেকে কিছু মাদকের আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




