বান্দরবানে সিসিটিভি ফুটেজ থেকে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, গ্রেপ্তার ফুফু

বান্দরবানে সাড়ে তিন বছরের শিশু তায়িফা সুলতানাকে হত্যার অভিযোগে তার ফুফু নার্গিস সুলতানা কচিকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ।
তিনি জানালেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত শিশুটির বাড়ি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায়।
শিশুটির বাবা ইলিয়াস খান টিপু জানিয়েছেন, গতকাল সোমবার দুপুরে তায়িফাকে খুঁজে না পেয়ে তিনি ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দেন। পরে থানায় জিডি করতে যান। বাড়িতে সিসি ক্যামেরা থাকার তথ্য জানতে পেরে তার মোবাইল থেকে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায় পুলিশ।
তিনি বলেছেন, ‘ফুটেজে দেখা যায় নার্গিস আমার মেয়েকে ডেকে তার শয়ন কক্ষে নিয়ে যাচ্ছেন। পরে তার কক্ষের আলনার পাশে রাখা একটি বক্সের ভেতর থেকে তায়িফার মরদেহ উদ্ধার করা হয়।’
ওসি মাসুদ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন নার্গিস। তবে কি কারণে তায়িফাকে হত্যা করেছেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি। এ ঘটনায় মামলা করা হয়েছে।
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নার্গিস তার ছোট ভাই ইলিয়াসের বাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।




