লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩ মর্টার শেল উদ্ধার

উদ্ধার হওয়া ৩ মর্টার শেল— সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে মাটির নিচ থেকে রকেটসদৃশ তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পানির পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার সময় এগুলো পাওয়া যায়।
আজ বুধবার দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেয়ালের পূর্বপাশ থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সেগুলো রামগতি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্বপাশে কয়েকজন শ্রমিক পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় মাটি খোঁড়ার একপর্যায়ে রকেটসদৃশ বস্তুগুলোর সন্ধান পান তারা। পরে শ্রমিকরা সেগুলোর তুলে ছবি তোলেন। এরপর নিরাপত্তার স্বার্থে বস্তুগুলো আবার মাটিতে পুঁতে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা লাল টেপ দিয়ে ঘিরে চিহ্নিত করে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে মর্টার শেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেছেন, ‘তিনটি রকেটসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ওগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এগুলো ডিসপোজাল করবে।’
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুগুলো যুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেল হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে বোম ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার অপেক্ষা করছে পুলিশ।




