শরীরে লুকানো ইয়াবা জব্দ, নারী মাদক কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি

আটক নারী মাদক কারবারি মেহের খাতুন (৪০)। সংগৃহীত ছবি
কক্সবাজারে অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে রেজুখাল লালব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নারীর নাম মেহের খাতুন (৪০)। তিনি টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, মরিচ্যা থেকে পায়ে হেঁটে কক্সবাজার যাচ্ছিলেন মেহের। রেজুখাল চেকপোস্ট অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার শরীরে লুকিয়ে রাখা ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
অধিনায়ক খায়রুলের ভাষ্য, আটক নারীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।





