সিদ্ধিরগঞ্জ
নড়বড়ে কাঠের সাঁকোই এখন গ্রামবাসীর ভরসা

ছবি: আগামীর সময়
একটি পাকা সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া খোলামাঠ এলাকার কয়েকটি গ্রামের শত শত মানুষ। খালের ওপর নির্মিত নড়বড়ে কাঠের সাঁকোই এখন তাদের যাতায়াতের একমাত্র ভরসা। চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো পারাপার হচ্ছেন শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ ছয় বছর ধরে একটি পাকা কালভার্ট নির্মাণের দাবিতে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো সুফল পাননি এলাকাবাসী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় বছর আগেও খালের ওপর একটি পাকা কালভার্ট ছিল তবে কালভার্টটি নিচু হওয়ায় খালের ময়লা-আবর্জনা আটকে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। পরে ডিএনডি প্রকল্পের কাজ চলাকালে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পুরনো কালভার্টটি ভেঙে ফেলা হয়। সে সময় নতুন করে কালভার্ট নির্মাণের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও কালভার্টটি নির্মাণ করা হয়নি।
দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে প্রথমে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়। পরে কাঠ, গাছ ও বাঁশ দিয়ে কোনোমতে চলাচলের উপযোগী করা হয়। কিন্তু প্রতিদিন সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন হালকা যানবাহন চলাচলের চাপে সাঁকোটি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে কয়েক দিন পরপর এটি মেরামত ও পুনর্নির্মাণ করে চলাচল সচল রাখতে বাধ্য হচ্ছে।
সরেজমিন দেখা যায়, খালের একপাশে রয়েছে দুটি বালক-বালিকা মাদ্রাসা এবং একটি জামে মসজিদ। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের জন্য পারাপার হয়ে উঠেছে চরম ভোগান্তি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানালেন, পাকা কালভার্ট নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ডিএনডি প্রকল্প ক্যাম্প এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন জানানো হয়েছে। কিন্তু বছরের পর বছর পার হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত খালের ওপর একটি পাকা কালভার্ট বা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা শ্যামল বলেন, দীর্ঘ ছয় বছর ধরে আমরা এই নড়বড়ে সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছি। প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয়। কয়েক দিন পরপর নিজেদের টাকায় সাঁকো মেরামত করে কোনোমতে চলাচল করছি। আমাদের একটাই দাবি দ্রুত এখানে একটি পাকা কালভার্ট বা সেতু নির্মাণ করা হোক।
আরেক বাসিন্দা আনোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিএনডি প্রকল্পের কাজের সময় পানি চলাচলের কথা বলে পুরোনো কালভার্টটি ভেঙে ফেলা হয়েছিল। তখন আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত নতুন করে তৈরি করে দেওয়া হবে। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও কেউ আর খোঁজ নেয়নি। সিটি করপোরেশন থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড— সব জায়গায় আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।
নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসিকুর রহমান আগামীর সময়কে জানিয়েছেন, পানি উন্নয়ন বিভাগের এই প্রকল্পটি এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে কালভার্ট বা সেতু সংস্কার ও নির্মাণের বিষয়টি এখন সিটি করপোরেশন দেখভাল করবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান আগামীর সময়কে বলেছেন, সরেজমিন পরিদর্শন না করে এখনই কিছু বলা যাচ্ছে না। বর্তমানে একটি সরকারি কর্মসূচিতে ঢাকার বাইরে রয়েছি, আগামী ২৬ তারিখের পর ফিরে বিস্তারিত জানানো হবে।




