সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
নির্মীয়মান ভবনের সেফটি ট্যাংকির ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
নিহতরা হলেন বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া থানা পুলিশের ওসি মজিবুর রহমান। তিনি জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ হোসেনের নির্মীয়মান বিল্ডিংয়ের সেফটি ট্যাংকের ভেতরে দুইজন শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। সেখানে অক্সিজেনের অভাবে ওই দুইজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ওসি আরও জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকেরা শ্রমিক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি।



