এক দিনে দুই দফা বন্ধ রাজশাহীর রেল যোগাযোগ

ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ছবি: আগামীর সময়
একই দিনে দ্বিতীয়বারের মতো রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকালে রেললাইন ভেঙে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামত শেষে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টা না যেতেই রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে আবারও বন্ধ হয়ে যায় ওই রুটের ট্রেন চলাচল।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানিয়েছেন, আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেসের একটি বগি হরিয়ান স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ওই বগির দুটি চাকা লাইন থেকে বেরিয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেছেন, ‘ঈশ্বরদী স্টেশন থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।’
আজ সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইনের পাত ভেঙে যায়। সকাল সাড়ে ৬টার দিকে বিষয়টি শনাক্ত হওয়ার পর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর ট্রেনগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক ঘণ্টা পরই হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আবারও বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। একই দিনে রেললাইন ভাঙা ও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলযাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে।








