জয়ন্তিকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ৭টি বগি বিচ্ছিন্ন হয়েছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ।
ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ স্টেশন ত্যাগ করে। লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢাল ওঠার সময় অতিরিক্ত টানে ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে পেছনের ৭টি বগি বিচ্ছিন্ন হলেও ইঞ্জিনটি এগিয়ে চলে যায়। ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর থেকে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে বগি যুক্ত করা ও লাইন সচল করতে কাজ শুরু করেছে।
ঘটনাটি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, খবর পাওয়ার পরপরই মেরামত কাজ শুরু করা হয়েছে এবং দ্রুত রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।



