কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আগুন, পুড়ল ৩ বাস

কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রয়েল পরিবহনসহ ৩টি বাস পুড়ে গেছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বাসস্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে তিনটি বাস জ্বলতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদকাসক্ত যুবককে বাস থেকে বের হয়ে দৌড়ে পালাতে দেখেছেন তারা। মাদক সেবনের পর বাসে আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তারা।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি।
তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা।
















