জয়পুরহাটে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন

যাবজ্জীবন সাজা পাওয়া হামিদুল শেখ। ছবি: আগামীর সময়
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রিনাত ফেরদৌসী রিনি।
দণ্ড পাওয়া হামিদুল উপজেলার শন্তাদিগর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই কিশোরী নিজ বাড়ির আঙিনা ঝাড়ু দিচ্ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল তার মুখে ওড়না চাপা দিয়ে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তিনি একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনার প্রায় ৫ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা করে জানা যায় সে অন্তঃসত্ত্বা।তখন পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়টি জানতে পারনে।
বিবরণ থেকে জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২০২৫ সালের ১৯ আগস্ট পাঁচবিবি থানায় একটি মামলা করেন। তদন্তের পর গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম।



