জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

ছবি: আগামীর সময়
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-রংপুর লংমার্চের সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় প্রধান অতিথি হিসেবে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা যখন এখানে আসি তখন সবাই একদফার কথা বলছিল। আপনারাও কী একদফা চান? যদি তাই চান, তাহলে আপনারা সবাই একদফার জন্য প্রস্তুতি নেন। এখন লংমার্চ হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গে, তখন লংমার্চ হবে সিরাজগঞ্জ থেকে ঢাকা।
এই সরকারও স্বৈরাচারের পথে হাঁটছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার সার দিতে ব্যর্থ হলেও কৃষিমন্ত্রী বলেন, সারের কোনো সংকট নাই। সারের সংকট না থাকলে কৃষক কেন রাস্তায় নামে?
এই সরকারের পদে পদে প্রতারণা উল্লেখ করে তিনি বলেন, সরকার সব খাতে ব্যর্থ। এখন আওয়ামী লীগ গুলশানে মিছিল করে, কিন্তু তারা কিছু করতে পারে না। তাই সামনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারকে উদ্দেশ করে বলেন, আপনারা ভয় পাবেন না; কিন্তু আমাদের লংমার্চে বাধা দেবেন না। দিলে জনগণ আপনাদের প্রতিহত করবে।
আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ অন্যরা।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে পথসভাটি পরিচালনা করবে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ।




