অভয়নগরে ৫৪ লাখ টাকার সরকারি গমসহ জাহাজ জব্দ

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের অভয়নগরে ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি কার্গো জাহাজ জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জাহাজের ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম জব্দ করা হয়।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলার হারবাড়িয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়া নৌবন্দরে আসে। রাত ৩টার দিকে জাহাজটি বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গমসহ জাহাজটি জব্দ করা হয়। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় জাহাজের দুই সুকানিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন জাহাজের সুকানি আব্দুর রহমান, মো. হায়াতুল ইসলাম, নয়ন, রায়হান উদ্দিন, খালিদ হাসান ও হাসান ইসলাম।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা নৌ পুলিশের হেফাজতে রয়েছেন।




