পতিত জমিতে টপলেডি পেঁপে চাষে খালেকের সাড়ে ৪ লাখ টাকা আয়

নিজের পেঁপে বাগানে কৃষক আবদুল খালেক। ছবি: আগামীর সময়
দিনাজপুরের নবাবগঞ্জে ৫০ শতক পতিত জমিতে টপলেডি জাতের ৫৭০টি পেঁপে গাছের বাগান করে সফলতার মুখ দেখছেন কৃষক আবদুল খালেক। এরইমধ্যে এক দফা পেঁপে বিক্রি করে আয় করেছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। এখন প্রতি মণ পেঁপে বিক্রি করছেন ১ হাজার ৬০০ টাকা দরে। বাগানে এখনো প্রচুর পেঁপে থাকায় চলতি মৌসুমে মোট সাত থেকে আট লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি।
আবদুল খালেক উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর মৌজার কামালপুর গ্রামের বাসিন্দা। কৃষির প্রতি আগ্রহ থেকে তিনি ৫০ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ শুরু করেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় জমিতে রোপণ করেন টপলেডি জাতের ৫৭০টি পেঁপে গাছ। নিয়মিত পরিচর্যায় গাছগুলোতে ভালো ফলন হয়েছে। এরইমধ্যে বাগান থেকে পেঁপে সংগ্রহ করে বাজারজাত করছেন তিনি।
আবদুল খালেক জানিয়েছেন, পেঁপে চাষে এ পর্যন্ত তার প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এক দফা পেঁপে বিক্রি করে পেয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা। এখন প্রতি মণ পেঁপে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করছেন। বাগানে এখনো পর্যাপ্ত ফল রয়েছে। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে চলতি মৌসুমে সাত থেকে আট লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন।
তিনি আরও জানালেন, অল্প জমিতে পরিকল্পিতভাবে পেঁপে চাষ করেও ভালো আয় করা সম্ভব। এ চাষে লাভের সম্ভাবনা দেখে আগামীতে আরও বড় পরিসরে উচ্চফলনশীল টপলেডি জাতের পেঁপে চাষের পরিকল্পনা আছে তার।
স্থানীয় কৃষক উজ্জ্বল মিয়া জানিয়েছেন, আবদুল খালেকের পেঁপে বাগানের সাফল্য দেখে তিনিও বাণিজ্যিকভাবে পেঁপে চাষে আগ্রহী হয়েছেন। নিজের এক একর পতিত জমিতে টপলেডি জাতের পেঁপে চাষ শুরুর পরিকল্পনা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস আগামীর সময়কে জানিয়েছেন, এ বছর নবাবগঞ্জ উপজেলায় ১৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হচ্ছে। ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ, সঠিক পানি ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যা জরুরি। রোগবালাই দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।




