ইউটিউব দেখে পেঁপে চাষ, মাসে লাখ টাকা আয় ওমর ফারুকের

নিজের পেঁপে ক্ষেতে উদ্যোক্তা ওমর ফারুক
ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন। সেই আগ্রহ থেকেই শুরু করেন পেঁপে চাষ। মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা সেই উদ্যোগ এখন পরিণত হয়েছে সফল কৃষি খামারে।
বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর ইউনিয়নের কৃষি উদ্যোক্তা ওমর ফারুক (৪৫) এখন মাছের ঘেরের পাড়ে পেঁপে চাষ করে প্রতি মাসে গড়ে প্রায় এক লাখ টাকার পেঁপে বিক্রি করছেন।
তার আট বিঘা জমির ঘেরের পাড়ে রয়েছে প্রায় দুই হাজার পেঁপেগাছ। চলতি মৌসুমে এরই মধ্যে প্রায় চার লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। পুরো মৌসুমে আরও ২০-২৫ লাখ টাকার পেঁপে বিক্রির প্রত্যাশা করছেন তিনি।
ওমর ফারুকের খামারের নাম ‘বিসমিল্লাহ এগ্রো ফার্ম’। আট বিঘা জমির মাছের ঘেরের চারপাশের পাড় জুড়ে গড়ে তুলেছেন পেঁপের বাগান। সেখানে রয়েছে মানিকগঞ্জ থেকে সংগ্রহ করা ‘রাজশাহী’ ও ‘গ্রিন শাহী’ জাতের পেঁপেগাছ। প্রতিটি গাছে পাঁচ থেকে আট কেজি ওজনের পেঁপে ধরেছে। কোনো কোনো পেঁপের ওজন ১০ কেজি পর্যন্ত। এ পর্যন্ত প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করেছেন তিনি। এর মধ্যে ২০০ মণ কাঁচা ও ১৮০ মণ পাকা পেঁপে। বর্তমানে কাঁচা পেঁপে প্রতি কেজি ১৫ টাকা এবং পাকা পেঁপে ৪০ টাকা দরে বিক্রি করছেন।
সরেজমিন খামারে গিয়ে দেখা যায়, ঘেরের চারপাশের পাড় জুড়ে সারি সারি পেঁপেগাছ। প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে পেঁপে। গাছের গোড়া থেকে শুরু করে ওপর পর্যন্ত ফল ধরেছে। শুধু পেঁপে উৎপাদন নয়, চারা তৈরির জন্য খামারে গড়ে তুলেছেন নার্সারিও। সেখানে প্রায় ৫০ হাজার চারা উৎপাদন করেছেন। এরই মধ্যে ২০ হাজার চারা বিক্রি হয়েছে। প্রতিটি চারা বিক্রি করছেন ২৫ টাকা দরে।
তার খামার দেখতে এবং চারা সংগ্রহ করতে বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষক ও বেকার যুবকরা আসছেন।
ওমর ফারুক বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। প্রথমে মাছের ঘেরের পাশাপাশি পাড়ে কলা ও বিভিন্ন ধরনের সবজি চাষ করতাম। একপর্যায়ে ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে আগ্রহ তৈরি হয়। প্রথমে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে লোকসানের মুখে পড়ি। তবে হাল ছাড়িনি। পরে ইউটিউবের বিভিন্ন কৃষিবিষয়ক চ্যানেল দেখে মানিকগঞ্জ থেকে রাজশাহী ও গ্রিন শাহী জাতের বীজ সংগ্রহ করি। এরপর আট বিঘার ঘেরের পাড়ে প্রায় দুই হাজার পেঁপেগাছ রোপণ করি। এখন ভালো ফলন পাচ্ছি।’
তিনি আরও বলেন, তিন মাস ধরে পেঁপে বিক্রি করছি। এ পর্যন্ত প্রায় ৩৮০ মণ পেঁপে বিক্রি করে চার লাখ টাকার মতো পেয়েছি। গাছগুলো থেকে আরও দীর্ঘ সময় ফল পাওয়া যাবে। সব মিলিয়ে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছি। আমার হিসাব অনুযায়ী, প্রতিটি গাছ থেকে অন্তত এক হাজার টাকা আয় হলেও ভালো অঙ্কের টাকা পাওয়া সম্ভব। আমি চাই, বাগেরহাটসহ দেশের বেকার যুবকরা অল্প জমি কিংবা জমি ইজারা নিয়ে পেঁপে চাষ শুরু করুন। সঠিক জাত নির্বাচন ও পরিচর্যা করতে পারলে তারাও স্বাবলম্বী হতে পারবেন। এ কাজে প্রয়োজনীয় পরামর্শ দিতেও আমি প্রস্তুত।’
ওমর ফারুকের ছেলে শেখ নিশাদ হোসেন বলেন, পর্যন্ত আমরা ১০ থেকে ১২ বার পেঁপে সংগ্রহ করেছি। প্রথম দিকে পাইকারদের ফোন করে আনতে হতো। এখন পাইকাররা নিজেরাই খামারে আসেন এবং পেঁপে কিনে নিয়ে যান। ফলে আমাদের আর বাজারে পেঁপে নিয়ে যেতে হয় না।
বাগানের পরিচর্যাকারী আশরাফ বলেন, আমি এই বাগানেই থাকি এবং পেঁপেগাছের দেখাশোনা করি। আগাছা পরিষ্কার করা, গাছে কীটনাশক প্রয়োগসহ সব ধরনের পরিচর্যার কাজ করি। এখানে একেকটি পেঁপের ওজন প্রায় আট কেজি। বাগেরহাট জেলায় এত বড় পেঁপে আমি আর কোথাও দেখিনি।
খামার দেখতে আসা যশোরের বেনাপোল এলাকার ঘের ব্যবসায়ী মো. সজল বলেন, বিসমিল্লাহ এগ্রো ফার্মের ইউটিউব চ্যানেল দেখে প্রথমে বিশ্বাস হয়নি। কারণ অনলাইনে অনেকেই অতিরঞ্জিত প্রচার করেন। তাই সরেজমিন খামার দেখতে এসেছি। এসে ভিডিওতে যা দেখেছি, বাস্তবেও তার মিল পেয়েছি। পেঁপের ফলন ও আকার দেখে মুগ্ধ হয়েছি। আমার প্রায় ১০ বিঘার একটি ঘেরের প্রকল্প রয়েছে। সেখানে পেঁপে চাষের পরিকল্পনা করছি। ওমর ভাইয়ের কাছ থেকেই চারা সংগ্রহ করব।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, শিক্ষিত হলেও এখনো বেকার। চাকরির চেষ্টা করে ভালো কিছু করতে পারিনি। আমাদের এলাকার ওমর ভাইয়ের পেঁপে বাগান দেখে অনুপ্রাণিত হয়েছি। আমার ছোট একটি জমি রয়েছে। সেখানে প্রাথমিকভাবে পেঁপে চাষ শুরু করতে চাই। তার নার্সারি থেকে চারা নিয়ে চাষাবাদ ও পরিচর্যার পরামর্শ নেব।
মোরেলগঞ্জ থেকে খামার দেখতে আসা হুমায়ুন কবির বলেন, ওমর ফারুকের ইউটিউব চ্যানেলে পেঁপে চাষের ভিডিও দেখে এখানে এসেছি। সরেজমিন বাগান ঘুরে দেখেছি, ভালো ফলন হয়েছে। কোনো কোনো পেঁপের ওজন পাঁচ থেকে আট কেজি। প্রতিটি গাছেই প্রচুর ফল ধরেছে। তিনি শুধু পেঁপে চাষ করছেন না, অন্যদের চারা উৎপাদন, রোপণ, পরিচর্যা ও ফল সংগ্রহের পরামর্শও দিচ্ছেন। শিক্ষিত বেকার যুবকরা তার কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে এগিয়ে এলে স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করি।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, পেঁপে একটি লাভজনক ও সম্ভাবনাময় ফসল। ওমর ফারুক মাছের ঘেরের পাড়ে রাজশাহী ও গ্রিন শাহী জাতের পেঁপে চাষ করে ভালো ফলন পেয়েছেন। তার এ উদ্যোগ অন্য কৃষক ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে পারে।
তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় মাছের ঘের থাকলেও ঘেরের আইল ও পাড়ের জমি অব্যবহৃত পড়ে থাকে। মাঝারি লবণাক্ত এলাকায় এসব জমিতে উন্নত জাতের পেঁপে, মাল্টা ও লতাজাতীয় সবজি চাষ করে বাড়তি আয় করা সম্ভব। বিশেষ করে শাহী, গ্রিন লেডি, টপ লেডি ও রেড লেডি জাতের পেঁপের ফলন ও বাজারমূল্য ভালো।
রমজান মাসকে লক্ষ্য রেখে উৎপাদন পরিকল্পনা করতে পারলে কৃষকরা আরও ভালো দাম পেতে পারেন। পেঁপে চাষে আগ্রহীরা কৃষি বিভাগের পরামর্শ নিতে পারেন, যোগ করেন তিনি।



