পৌনে তিন কেজির ইলিশ, বিক্রি হলো ১৩ হাজারে
লক্ষ্মীপুর প্রতিনিধি

বড় ইলিশ
লক্ষ্মীপুরের কমলনগরে একটি বড় আকৃতির ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। ইলিশটির ওজন ২ কেজি ৭৫০ গ্রাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মতিরহাট মাছঘাটে জেলে ফারুক মাঝি এ মাছটি বিক্রি করেন।
মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ পর বঙ্গোপোসাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এ ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। ঢাকার মাছ ব্যবসায়ী বাহার মিয়া মাছটি কিনে নেন।
ব্যবসায়ী বাহার মিয়া জানান, তিনি এখান থেকে ইলিশ কিনে ঢাকার বাজারে বিক্রি করেন। বড় ইলিশটি কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করা যাবে। ঢাকার ব্যবসায়ীরাও আরও লাভ করতে পারে। এ রকম বড় সাইজের একটি ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।
বাহার মিয়া বলেন, ‘ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্ত বড় ইলিশে ভালো লাভ করা যায়।’
স্থানীয় আড়তদার আনোয়ার হোসেন জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। সাগরের জেলেরা মোটামুটি ইলিশ পায়।




