ফুলবাড়িয়া
ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতির

প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও দুই বছরের নাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুস্তম গোয়ালের মেয়ে সুমুরি খাতুন (৬২) এবং তার দুই বছরের নাতনি আদিবা।
স্থানীয়রা জানান, সকালে নাতনি আদিবাকে কোলে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে কাঠ আনতে যান সুমুরি খাতুন। হঠাৎ ভিমরুলের আক্রমণের শিকার হন তারা দুজন। ভিমরুলের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন। পরে সুমুরি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহত সুমুরি খাতুনের নাতি রাজিব হোসেন জানান, দুই বছরের আদিবাকে নানির কাছে রেখে তার মা রেহেনা খাতুন ঢাকায় থাকেন। সকালে নানির কোলে চড়ে পুকুরপাড়ে কাঠ আনতে গেলে তাদের দুজনকে ভিমরুল কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, ভিমরুলের কামড়ে আহত হয়ে প্রথমে নাতি ও পরে নানির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে।




