কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

ছবি ভিডিও থেকে নেওয়া
রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের নিচে এক পথচারীকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। অভিযোগ, ছিনতাইয়ের সময় ওই ব্যক্তিকে আঘাত করেন একজন। পুলিশের দাবি, হামলাকারী একজন মাদকসেবী। তবে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও অভিযুক্তকে ছাড়েননি ভুক্তভোগী। আহত অবস্থায়ই অভিযুক্ত হামলাকারীকে মারধর করতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে ভুক্তভোগী ও অভিযুক্তের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘ছিনতাইয়ের সময় ওই পথচারীকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন। তবে আহত অবস্থায়ই তিনি ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে দেন।’
তেজগাঁও থানার ওসি মনিরুজ্জামান আগামীর সময়কে বলেন, ‘ছিনতাইকারী বলব না। যাকে মারধর করা হয়েছে তিনি মাদকসেবী। এ ঘটনায় তাকে আটক করেছি। ভুক্তভোগীকে (ছুরিকাঘাতকারী) হাসপাতালে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
মোবাইলে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি আরেকজনকে মারধর করছেন। যিনি মারধর করছেন তার শরীর রক্তে ভেজা, পিঠে ছুরিকাঘাত ও জামা ছেঁড়া। পাশে থাকা আরও ২-৩ ব্যক্তি ছিনতাইকারী বলে মরধর করতে থাকেন। যাকে মরধর করা হচ্ছে তার গায়ে জিনসের প্যান্ট ও গেঞ্জি ছিল।



