আসামি মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলায় গ্রেপ্তার ১৮

আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আগামীর সময়
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনায় হয়েছে মামলা। গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওই আসামি রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও বোন শারমিন আক্তার, গিয়াস ফকির, সবুজ ফকির, মান্নান ফকির, রিফাত ফকির, নাইম ফকির, হাবিবুর রহমান, রাজু হাওলাদার, তাহমিনা বেগম, মনোয়ারা বেগম, আসমা আক্তার, মমতাজ বেগম, ঝুমুর বেগম, নাজমা আক্তার, তানজিলা আক্তার।
ওসি জানান, হামলার ঘটনার পর থেকেই থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে করা হয়েছে হামলার মামলা। গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে।
থানা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় চুরির মামলায় রিয়াজ ফকির নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আগেও তার নামে চুরি ও মাদকের একাধিক মামলা ছিল।
বুধবার থানার হাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গভীর রাতে পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এখনও চিকিৎসা নিচ্ছেন তিনি।
গতকাল দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে তৈরি হয় উত্তেজনা। বিকালে কয়েকশ মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা করেন। মারধর করেন এএসআই আব্দুল হালিমসহ কয়েকজনকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্যসহ দুইপক্ষের অন্তত ১২ জন আহত হন। আহত এএসআই হালিমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসানকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
আসামি রিয়াজের অসুস্থ হওয়ার সময়ের একটি সিসিটিভি ফুটেজ গতকাল রাতে ছড়িয়ে পড়ে ফেসবুকে। তাতে দেখা গেছে, গারদের লোহার শিকের সঙ্গে নিজের মাথা ঠোকাচ্ছেন রিয়াজ। এরপর শুয়ে পড়েন মাটিতে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক সাকিবুর রহমান বলেছেন, ‘এই রোগী আমাদের কাছে অচেতন অবস্থায় এসে ভর্তি হয়। সব পরীক্ষা-নিরীক্ষা করে গুরুতর অসুস্থতার কিছু পাওয়া যায়নি। আজ সিটিস্ক্যানের রিপোর্ট এসেছে। সেখানেও শংকাজনক কোনো সমস্যা পাইনি। বর্তমানে চিকিৎসাধীন, দ্রুত সুস্থ হয়ে যাবেন।’





