ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার যোগদান

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা— সংগৃহীত
ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া উপজেলা বিএনপির নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনেকে এটিকে বিএনপিতে তার যোগদান হিসেবে মনে করছেন। তবে চেয়ারম্যান নিজে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
মঙ্গলবার বিকাল ৫টায় কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল হক মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, প্রচার সম্পাদক আজিজুল হক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসানসহ অন্য নেতারা।
সভায় কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ সভার আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার আবদুর রহিম বললেন, ‘আমার বাবা, দাদা, আমাদের পরিবার একটি বিএনপি পরিবার। আমি কীর্তিপাশা ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেনি, ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আওয়ামী লীগ দেশে ক্ষমতায় ছিল, ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমার কাজ করতে হয়েছে।’
ফুল দিয়ে যোগদানের বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই। উপজেলা বিএনপির নেতাদের ফুল দিয়েছি। আমি মনে-প্রাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে বিএনপির রাজনীতি করব।’





