‘সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুর স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে’

বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
আজ বুধবার বিকেলে কাঁচপুর বাস টার্মিনাল কাজ পরিদর্শনের এসে এ কথা বলেন।
তিনি বলেন, টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পর্যায়ক্রমে বিভিন্ন রুটের বাস কাঁচপুরে আনার চেষ্টা করা হবে। খুব অল্প সময়ের মধ্যে কিছু কিছু রুটের বাস ঢোকানোর চেষ্টা করা হবে।
তিনি আরো বলেন, গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেছেন, সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলার যেসব বাস চলাচল করে। সেগুলো কাঁচপুরের এ টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। কাঁচপুর ও ঢাকায় যাত্রীদের যাওয়া আসার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, কাঁচপুর টার্মিনালে আপাতত অস্থায়ী শেড করে এখানে সায়েদাবাদ টার্মিনাল স্থানান্তর করা হবে। এ টার্মিনাল বাস্তাবায়নের জন্য সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।
কাঁচপুর টার্মিনাল পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




