চরের কাশবনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নেওয়া হয়। ছবি: আগামীর সময়
ফরিদপুরের সদর উপজেলার পালডাঙ্গী চরে কাশবনে এক তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন।
এজাহারের বরাতে তিনি জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুরে পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে এক তরুণীকে জোরপূর্বক আটকে রাখে আসামিরা। সেখানে তারা ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ঘটনার একটি ২৩ সেকেন্ডের ভিডিও চিত্র ধারণ করে। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরে ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে আসে। তারপর ২০২০ সালের ৬ আগস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানা একটি মামলা করেন। পরবর্তীতে শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অন্য আসামিদের শনাক্ত ও তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সব প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।
অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে নারীদের নিরাপত্তা বিঘ্নিত করা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে ভুমিকা রাখবে।




