করিমগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

নিহত মো. হেলিম
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. হেলিম (৩২)। নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। আহত খোকন মিয়া (৪০) একই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে পাশের বৈরাটিয়াপাড়া গ্রামে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান হেলিম। কাজ করার সময় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে হেলিম গুরুতর আহত হন। এ সময় বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন পাশে থাকা খোকন মিয়া।
সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। আহত খোকন মিয়া চিকিৎসাধীন রয়েছেন।
করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।




