গোদাগাড়ী
বিএনপি নেতাদের তদবিরে ছাড়া পেলেন আ.লীগ নেতা!

সারওয়ার মোর্শেদ রুবেল
রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর স্থানীয় এক বিএনপি ও এক যুবদল নেতার মধ্যস্থতায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাকনহাট বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে পুলিশের দাবি, ওই ব্যক্তিকে আটক করা হয়নি। অসুস্থতার কথা জানালে তারা খোঁজ নিয়ে চলে যান।
ছাড়া পাওয়া ওই ব্যক্তির নাম সারওয়ার মোর্শেদ রুবেল। তিনি কাকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি কাকনহাট পৌর এলাকার কাকনপাড়া গ্রামে। তিনি মো. মোহসীন আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কাকনহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে রুবেলকে পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম প্রায় এক ঘণ্টা তার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাকে পুলিশের গাড়িতেও তোলা হয়। পরে খবর পেয়ে কাকনহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশি ঘটনাস্থলে যান। তারা পুলিশের সঙ্গে কথা বলেন। পরে রাত ৮টার দিকে রুবেলকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক দলের এক নেতা অভিযোগ করেন, রুবেল সম্পূর্ণ সুস্থ। বিএনপির কিছু সুবিধাবাদী নেতা মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশের সঙ্গে সমঝোতা করে তাকে ছাড়িয়ে নিয়েছেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি রুবেলকে গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। যারা আওয়ামী লীগকে ছাড়াতে সুপারিশ করে তারা দলের সুবিধাভোগী। আমরা তাদের দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
কাকনহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের ওই নেতাকে ছাড়িয়ে নেওয়া খুবই খারাপ কাজ হয়েছে। যেসব নেতারা তাকে ছাড়াতে সহযোগিতা করেছেন তারা সরাসরি দলের সঙ্গে বেইমানি করেছেন। দলের পাশাপাশি তারা সাধারণ নেতাকর্মীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।’
জানতে চাইলে কাকনহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়াসিম বলেছেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আওয়ামী লীগ নেতা রুবেল বেঞ্চের ওপর শুয়ে আছেন। পুলিশ লেখালেখি শেষে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। তবে বিএনপির কাউকে আওয়ামী লীগ নেতাদের ছাড়ানোর অনুমতি দলের হাইকমাণ্ড দেয়নি।’
অভিযোগের বিষয়ে বিএনপি সেলিম আহমেদ বললেন, ‘রুবেল আমার ভাগ্নে। তার হার্টে রিং পরানো আছে। কয়েক দিন পর হার্টের ভাল্ভ লাগাতে চিকিৎসার জন্য ভারতে যাবে। কাকনহাট বাজারে বসে থাকা অবস্থায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। অসুস্থতার কথা শুনে পুলিশ চলে যায়। তাকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার করলে আমরাও সেখানে যেতাম না। বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’
কাকনহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম বলেছেন, ‘আমরা মাদকবিরোধী অভিযানে যাচ্ছিলাম। পথে কাকতালীয়ভাবে কাকনহাট বাজারে একটি ওষুধের দোকানের সামনে ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়। আমাদের দেখে তিনি অসুস্থতার কথা জানান। তার হার্টে রিং পরানো ও অস্ত্রোপচারের বিষয়টি জানার পর তাকে এক পাশে বসানো হয়। পরে স্থানীয় একজন চিকিৎসক তাকে চিকিৎসা দেন। তাকে চিকিৎসকের কাছে রেখে আমরা চলে আসি।’
রবিউল ইসলাম আরও বললেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। তাকে আগে থেকে চিনতাম না। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা-ও আমার জানা নেই। কারও সুপারিশে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়।’
জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ ঘটনা সম্পর্কে অবগত নই। আগে বিষয়টি জেনে নিই। এরপর বিস্তারিত জানাতে পারব।’




