ফ্যাসিবাদ প্রতিরোধে মাঠে নামছে সমমনা জোট

সংগৃহীত ছবি
পতিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান তথা ফ্যাসিবাদ প্রতিরোধে মাঠে নামছে জাতীয়তাবাদী সমমনা জোট। ফ্যাসিবাদী শক্তির নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে তারা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ডিসেম্বর জুড়ে মাঠে থাকবে জোট।
আজ শনিবার রাজধানীর মতিঝিলে জোট আহ্বায়কের অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় অভিমত ব্যক্ত করা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষায় জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। পতিত-পলাতক ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এতে আরও উপস্থিত ছিলেন জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীবে নেওয়াজ ও মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব আবদুল বারিক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাইফুল আলম ও মহাসচিব মীর আমির হোসেন আমু প্রমুখ।




