চীন নয়, জাপান এখন মিয়ানমারের প্রধান ঋণদাতা

ছবি: এআই দিয়ে বানানো
মিয়ানমার জান্তা তার রক্ষাকর্তা চীনের কাছে অর্থ ও অনুগ্রহের জন্য আজীবন দায়বদ্ধ থাকলেও, বেইজিং এখন আর দেশটির প্রধান ঋণদাতা নয়। অন্তত কাগজে-কলমে নেপিদোর সবচেয়ে বড় ঋণদাতা এখন জাপান। এদিকে, নতুন ঋণ দেওয়ার প্রতি মনোযোগ নেই বেইজিংয়ের। তাদের নজর এখন বিদ্যমান ঋণ ব্যবস্থাপনার দিকে।
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিয়ানমারের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ কোটি মার্কিন ডলারে, যা ২০২১ সালে ছিল প্রায় ১ হাজার ৩৫০ কোটি ডলার। দ্বিপক্ষীয় ঋণের পরিমাণ ছিল ৫৬৮ কোটি ডলার, যার মধ্যে জাপানের পাওনা ৩৮৬ কোটি ডলার। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, চীনের পাওনা ছিল মাত্র প্রায় ১৫০ কোটি ডলার।
২০১১ সালের আগে চীনই ছিল মিয়ানমারের একমাত্র বড় ঋণদাতা। চীনের সুদের হার ছিল সাড়ে ৪ শতাংশ পর্যন্ত। কিন্তু সংস্কার শুরুর পর এডিবি এবং জাইকাসহ বিভিন্ন সংস্থা ও অংশীদারদের কাছ থেকে অনেক সুবিধাজনক শর্তে অর্থায়নের সুযোগ পায় মিয়ানমার।
২০২০ সালের জুনে মিয়ানমারের তৎকালীন উপ-অর্থমন্ত্রী মাউং মাউং উইন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুদের হার বেশি থাকলে মিয়ানমার আর চীন থেকে ঋণ নিবে না।
গত মে মাসে প্রকাশিত এইডডাটার এক মূল্যায়নে দেখা গেছে, ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে ৫০৫টি প্রকল্পের মাধ্যমে মিয়ানমারে ১ হাজার ৪৭০ কোটি ডলারের উন্নয়ন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল চীন। এর প্রায় ৯২ শতাংশই ছিল ঋণ। এসব মূলত এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না এবং চায়না ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দেওয়া হয়েছিল।
তবে এইডডাটার অনুমান অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ চীনা ঋণদাতাদের কাছে মিয়ানমারের বকেয়া পরিমাণ কমে প্রায় ১৭০ কোটি ডলারে নেমে এসেছে। এটি দেশটির মোট বৈদেশিক ঋণের মাত্র ১৯ শতাংশের মতো।
চীন থেকে ঋণ আসা কার্যত বন্ধ। এইডডাটা দেখেছে, ঐতিহাসিকভাবে বৃহত্তম ঋণদাতা চায়না এক্সিম ব্যাংক ২০১৯ সালের পর থেকে নতুন কোনো ঋণ ছাড় করেনি। কোভিড-১৯ মহামারির কারণে প্রাথমিকভাবে ঋণদান ধীর হয়ে পড়লেও অভ্যুত্থান-পরবর্তী পুরো সময়জুড়ে এই ধারা অব্যাহত রয়েছে।
এর কারণ হিসেবে মিয়ানমারের কার্যপরিবেশের অবনতিকে দায়ী করা হচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অধীনে চীনা সহায়তার অনেক প্রকল্প এখন সংঘাতপূর্ণ এলাকায় অথবা জান্তার নিয়ন্ত্রণের বাইরের অঞ্চলে অবস্থিত। গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, প্রাকৃতিক সম্পদ প্রকল্প এবং অবকাঠামোগত বিনিয়োগগুলো এখন কেবল নেপিদোর পরিবর্তে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতার ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে।
তথ্য সূত্র: দ্য ইরাবতী



