চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ছবি: আগামীর সময়
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয়। অভিযানে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।
সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে ইলিশ মজুতের অপরাধে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক সকাল ১০টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, জব্দ করা ইলিশ ও কারেন্টজালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।




