মতলব উত্তর
মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩

ছবি: আগামীর সময়
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় মাছ ধরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২০০ মিটার কারেন্ট জাল ও ৮০ মিটার চায়না চাই জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোর রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে।
উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সর্দার (৫৮)। অভিযানকালে তাদের কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




