কামারের দোকানে অস্ত্র মেরামত, আটক কারিগর

আটক সনজিত কর্মকার
কক্সবাজারের পেকুয়ায় কামারের দোকানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র মেরামতের সময় সনজিত কর্মকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় দোকান থেকে মেরামতের জন্য রাখা একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সনজিত কর্মকার চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় বসবাস করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভোররাতে টইটং ইউনিয়নের হাজী বাজার এলাকায় একটি কামারের দোকানে পরিত্যক্ত অবস্থায় থাকা আগ্নেয়াস্ত্র মেরামত করা হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দোকানি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, দোকানে তল্লাশি চালিয়ে মেরামতের জন্য রাখা দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সনজিত কর্মকারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান ওসি মেহেদী হাসান।




