উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে বিএমইউতে স্থানান্তর

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় আনা হয়। ছবি: আগামীর সময়
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়া হয়।
এসব তথ্য জানিয়েছেন ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন। তিনি জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছিলেন মিনু। গত মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন ভূমিমন্ত্রী। গতকাল বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা হওয়ায় তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ তৈরি হয়েছে তার রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। উপস্থিত হন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।
বুধবার রাতে ভূমিমন্ত্রীকে দেখতে রামেক হাসপাতালে যান মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা। তারা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার দ্রুত সুস্থতা কামনা করেন তারা। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে অসুস্থ একজন মন্ত্রীর পাশে বিভিন্ন দলের নেতাদের এ উপস্থিতিতে সৌহার্দ্যের চিত্রও ফুটে ওঠে।
অসুস্থতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মন্ত্রী মিনু।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন তিনি।
নিজের অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’




