খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তুষার নগরীর জিন্নাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, তুষারের মরদেহের পাশে তার ব্যবহৃত একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
তুষারের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন।
স্থানীয়দের বরাতে তিনি জানিয়েছেন, নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় তুষার সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ওসি লোকমান জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্তসহ তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




