বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আবুল কালাম আজাদ আদালতে। ছবি: আগামীর সময়
কুমিল্লায় দাম্পত্য কলহের জেরে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রী তানিয়া বেগমকে হত্যার দায়ে মো. আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।
আসামি মো. আজাদ এসময় আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে। বাদীর আইনজীবী মো. এনামুল হক সরকার এসব জানিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, মো. আজাদ ও তানিয়া বেগমের মধ্যে দীর্ঘদিন চলছিল কলহ। এর জেরে ২০২৩ সালের ২৬ জুলাই রাতে স্ত্রীর হাত-পায়ে তার জড়িয়ে বৈদ্যুতিক শক দেন আজাদ। তখনই মৃত্যু হয় তানিয়ার।
এ ঘটনায় নিহতের মা মায়া বেগম চৌদ্দগ্রাম থানায় আজাদের নামে মামলা করেন। বাদীর আইনজীবী এনামুল বললেন, দীর্ঘদিন পর পরিবারটি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।






